Published : 20 Jul 2026, 08:06 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের নৈশভোজে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবনে আসতে শুরু করেছেন বিভিন্ন দলের রাজনীতিকরা।
যুগপৎ আন্দোলনে শরিক হওয়া ৪১টি দলের নেতাদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘‘যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এবং নৈশভোজে অংশ নিতে প্রধানমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সন্ধ্যা ৭টার মধ্যে অতিথিদের এখানে পৌঁছানোর কথা।”
রাষ্ট্রীয় অতিথি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘এক সঙ্গে আমরা যারা লড়াই সংগ্রাম করেছি, সেইসব দলের নেতাদের আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান আমন্ত্রণ জানিয়েছেন। এটা একটা সম্মিলন।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি আন্দোলনের সময়ে গঠিত লিয়াজোঁ কমিটির নেতারা উপস্থিত হয়েছেন।
গেল ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটি আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলাম ঐক্যজোটসহ ইসলামী দলগুলোকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।