১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জামায়াতের ‘সঙ্গ ছাড়ায়’ ইসলামী আন্দোলনকে হেফাজত আমীরের অভিনন্দন

যারা ইসলামের নামে ‘মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা’ পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর।

জামায়াতের ‘সঙ্গ ছাড়ায়’ ইসলামী আন্দোলনকে হেফাজত আমীরের অভিনন্দন
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 04:48 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ বাবুনগরী। 

বুধবার এক বিজ্ঞপ্তিতে মুহিবুল্লাহ বাবুনগরী এ বার্তা দিয়েছেন।  

হেফাজতের আমীরের বিবৃতি বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। 

বাবুনগরী বলেন, “নির্বাচনের পূর্বমূহুর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে আন্তরিক মুবারকবাদ জানাই।

“আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ই অগাস্ট পরিবর্তিত বাংলাদেশে সহীহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহবান করেছি। ঈমান, আকীদা বাদ দিয়ে কারো সাথে জোট না করতে সতর্ক করেছি।”

দলটির একক পথচলা আগামীতে ‘ভালো অবস্থা তৈরি করবে’ বলেও মন্তব্য করেন বিবৃতিতে হেফাজতের আমীর।

“আলহামদুলিল্লাহ! মওদূদিবাদীদ জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামী রাজনীতিতে হকপন্থিদেরর একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল। ইসলামপন্থি রাজনীতির জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ।

“জামায়াতের সাথে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইর একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশাআল্লাহ। এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমীর এবং এই দলকে বিশেষ মুবারকবাদ জানাই।”

নিজেদের অবস্থান তুলে ধরে হেফাজতে ইসলাম ‘বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নিবে না’ জানিয়ে বিবৃতিতে সংগঠনের আমীর মহিবুল্লাহ বাবুনগরী বলেন, “যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে জনগণ তাদেরকেই ভোট দেবেন বলে আমি আশাবাদী।”

যারা ইসলামের নামে ‘মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা’ পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে তিনি।

বিবৃতিতে বাবুনগরী বলেন, “একই সাথে আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী একই সাথে পথ চলবেন বলেও আশাবাদ ব্যক্ত করছি।”

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না গিয়ে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে বাকি ৩২ আসনে অন্যদের সমর্থন দেবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে গেল শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসার পেছনে আদর্শগত ও রাজনৈতিক—উভয় কারণই দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে জামায়াতে ইসলামের বর্তমান নীতি শরিকদের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা পর্যালোচনা করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের দল।

আরও পড়ুন

জামায়াত জোটে হোঁচট, ভোটের হিসাব কতটা পাল্টাবে?

জামায়াতের আদর্শ নিয়ে প্রশ্ন ইসলামী আন্দোলনের, সতর্ক করল অন্যদের