Published : 20 Aug 2026, 11:15 PM
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তাদের শুভেচ্ছা বার্তা আসে।
বিএনপির দীর্ঘদিনের মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল দেশের তেইশতম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যাচ্ছেন।
তাকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সংসদীয় রাজনীতি ও দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন।
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতে দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা।
এদিকে, মির্জা ফখরুলকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রেজাউল করীম বলেছেন, রাজনীতিতে সততা এখন বিরল বিষয়ে পরিণত হয়ছে। সেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি।
“একই সাথে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন পোড়খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার সাধনা সর্বজনবিদিত। এমন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক। আমরা প্রত্যাশা করি, যে আশাবাদ নিয়ে তিনি বঙ্গভবন যাচ্ছেন সেই আশাবাদকে কাজে রূপান্তর করতে পারবেন। আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।”