২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ব্যাংকের সেই ৯২ হাজার কোটি টাকা আর ফিরবে না: গণতন্ত্র মঞ্চ

জোনায়েদ সাকি বলেন, “ভোট ডাকাতি-তামাশা, সেটাকে রুখে দিতে হবে। আপনার যদি দেশের প্রতি, জনগণের প্রতি দায় থাকে, তাহলে ভোটকেন্দ্রে যেতে পারেন না।”

ব্যাংকের সেই ৯২ হাজার কোটি টাকা আর ফিরবে না: গণতন্ত্র মঞ্চ

তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশে জোনায়েদ সাকি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 04:18 PM

Updated : 24 Dec 2023, 06:48 PM

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি গত ১৫ বছরে ঋণের নামে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা তুলে নেওয়ার যে হিসাব দিয়েছে, সেই অর্থ আর কখনো ফিরবে না বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে গণতন্ত্র মঞ্চের সমাবেশে।

ঘোষিত ‘অসহযোগ আন্দোলনের’ পক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের সমন্বয়ক গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি এই মত প্রকাশ করেন।

তিনি বলেন, “এই ৯২ হাজার কোটি টাকা তো আসার সম্ভাবনা নাই, স্রেফ লুট হয়ে গেছে। এই লুটপাটতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা (সরকার) এভাবে ক্ষমতা রাখতে চায়।“

খেলাপি ঋণ ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা বলে সিপিডি যে তথ্য দিয়েছে, তা পূর্ণাঙ্গ নয় বলেও দাবি করেন গণসংহতি আন্দোলনের নেতা। তিনি বলেন, “খেলাপি ঋণ অন্তুতপক্ষে ৩ থেকে ৪ লক্ষ কোটি টাকা। এই লুটপাটতন্ত্রের কারণে দেশের অর্থনীতি সংকটে, জিনিসপত্রে দাম বাড়ে, আমার-আপনার পেটে লাঠি পড়ে।

“প্রতিদিন টাকা হাতিয়ে নিচ্ছে এবং সেই টাকা পাচার হচ্ছে।”

পুরনো খবর:

ব্যাংকের টাকা লোপাট: কে কত নিয়েছে জানাল সিপিডি

আগামী ৭ জানুয়ারির ভোট জনগণ রুখে দেবে বলেও হুশিয়ারি দেওয়া হয় মঞ্চের সমাবেশ থেকে।

জনগণের উদ্দেশে সাকি বলেন, ‘‘এই যে ‘ভোট ডাকাতি-তামাশা’, সেটাকে রুখে দিতে হবে। আপনার যদি দেশের প্রতি, জনগণের প্রতি দায় থাকে, তাহলে ভোটকেন্দ্রে যেতে পারেন না।”

জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব দলের সঙ্গে আলোচনা করে তিন মাসের মধ্যে একটা অংশগ্রহণমূলক ‘সত্যিকারের’ নির্বাচনের ব্যবস্থা করার দাবিও করা হয় সমাবেশে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘সারা দেশে তারা (সরকার) সহিংসতা ছড়িয়ে দিয়েছে। নৌকার প্রার্থীর সঙ্গে ‘ডামি প্রার্থীর’ সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নৌকা প্রার্থীর সহিংসতা; গত কয়েকদিনে দুইজন মারা গেছে। প্রতিদিন অসংখ্য সহিংসতার ঘটনা ঘটছে, অথচ দায়ী করা হচ্ছে বিরোধী দলকে।”

বিরোধী দলকে জব্দ করতে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “এসব করে কোনো লাভ হবে না। জনগণ তাদের ফন্দি বুঝে গেছে।”

গণতন্ত্র মঞ্চের শরিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় সমাবেশে ভাসানী অনুসারি পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইমরান ইমন ও বাংলাদেশের বি্‌প্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান বক্তব্য রাখেন।

সমাবেশের পর গণতন্ত্র মঞ্চ তোপখানা সড়কে মিছিল করে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং ‘অসহযোগ আন্দোলনের’ সপক্ষে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম-পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, গণতান্ত্রিক বাম ঐক্যও তোপখানা রোড ও বিজয়নগর সড়কে বিক্ষোভ মিছিল করে।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমএসএম