Published : 15 Jun 2026, 06:58 PM
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. সাগরকে হত্যাসহ তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের বেঞ্চ এই আদেশ দেয়।
তবে আরও তিন মামলায় জামিন প্রশ্নে রুল বিচারাধীন থাকায় মমতাজ আপাতত মুক্তি পাচ্ছেন না বলে তার আইনজীবী জানিয়েছেন।
মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজু ও ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোসাম্মদ খাইরুন নেসা।
খাইরুন নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার (মমতাজ) মোট ছয়টা মামলা। এর মধ্যে তিনটিতে আজকে বেইল হয়েছে। আর বাকি তিনটা মামলায় রুল দেওয়া আছে। তিনটা রুল হিয়ারিংয়ে থাকায় আপাতত মুক্তি মিলছে না তার।”
রুলের বিষয়ে এই আইনজীবী বলেন, “আমরা বেইল চেয়েছি, আদালত রুল দিয়েছে যে কেন ওনাকে জামিন দেওয়া হবে না। এই সপ্তাহে রুল হিয়ারিং হবার কথা রয়েছে।”
যে তিন মামলায় মমতাজ জামিন পেয়েছেন, তার মধ্যে একটি রাজধানীর মিরপুর মডেল থানার এবং দুটি আশুলিয়া থানার মামলা।
জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় গুলিতে মারা যান মো. সাগর। ওই ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর মডেল থানায় একটি মামলা করেন।
সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে ৪৯ নম্বর আসামি করা হয় মমতাজকে।
গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।
লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।