Published : 16 Aug 2024, 01:14 AM
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু৷
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুমকি দেন৷
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানও ছিলেন৷
সিটি মেয়রের নাম উল্লেখ করে টিপু বলেন, “সব পালিয়ে গিয়েছে, আর আপনি দেওভোগে এখনও বসে আছেন৷ আমরা যদি নির্দেশ দিই, তাহলে আপনার ওই হোয়াইট হাউজের (নগরীর দেওভোগে সাদা রঙের আইভীর পৈত্রিক বাড়ি) একটি ইটও থাকবে না। “অতএব আপনি সাবধান হয়ে যান! আর এক পাও আগাবেন না।”
মেয়র আইভী বিএনপির কার্যালয় দখল করেছেন অভিযোগ করে দলটির এ নেতা বলেন, “আপনি বিএনপির অফিস দখল করেছেন; কোটি টাকা আত্মসাৎ করেছেন। নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের নামে অনেক দুর্নীতি করেছেন।
“আমরা চাই না, বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচনের আগে কোনো সন্ত্রাসী, খুনি, হাসিনার প্রেতাত্মা এদেশে থাকুক।”
২০০৩ সালে বিএনপি সরকারের সময় নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী৷ ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে শামীম ওসমানকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন৷ বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী মেয়র তিনি৷

এরপর ২০১৬ ও ২০২২ সালেও তিনি মেয়র নির্বাচিত হন৷
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আইভী সব সময় অন্যায়, অবিচার ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন৷
আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির স্থানীয় অনেক নেতা পালিয়ে বেড়ালেও আইভী তার নিজ বাড়িতেই আছেন৷ তার বাড়িতে এখন পর্যন্ত কোনো হামলা হয়নি৷