১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ড. ইউনূসকে অপমানের ‘দুরভিসন্ধি’ সরকারের নেই: কাদের

মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তার যেটা প্রাপ্য, সুষ্ঠু বিচারই হবে”, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ড. ইউনূসকে অপমানের ‘দুরভিসন্ধি’ সরকারের নেই: কাদের
বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:09 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

নোবেল বিজয়ী ড. ইউনূসকে অপমান করার ‘কোনো দুরভিসন্ধি সরকারের নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

কাদের বলেন, “ড. ইউনুসের আইন অনুযায়ী বিচার হবে। এখানে আইনের কোনো ব্যত্যয় হবে না। 

“মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তার যেটা প্রাপ্য, সুষ্ঠু বিচারই হবে। কোনোভাবেই অপমানিত করার কোনো দুরভিসন্ধি আমাদের নেই।" 

"এ দেশের সহস্র জননীর কান্নার আওয়াজ এখনো শোনা যায়। যারা ঋণ নিয়ে নির্যাতিত হয়েছে সেটা ভুলে গেলে চলবে কী করে?”, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে এমন মন্তব্যও করেন ক্ষমতাসীন দলের নেতা। 

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলারের একটি মন্তব্যের জবাবে সাংবাদিকরা কাদেরের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। 

মিলার বলেছিলেন, “ড. ইউনুস যদি ন্যায়বিচার না পান, তাহলে বাংলাদেশে আইনের শাসন ব্যাহত হবে, বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হবে।” 

ওবায়দুল কাদের বলেন, "এই বিশ্বে আমেরিকা একটা বড় শক্তি। তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক তারা এগিয়ে নিয়ে যেতে চায়। ক্ষোভ, বেদনা থাকার পরও আমরাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। সম্পর্ক নষ্ট করতে চাই না। 

“তাদের কথা তাদের আপন মানুষ নেতানিয়াহু মানে না। কতদিন হয়ে গেল, সে বলে, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ করবে না।" 

‘ভারতের সঙ্গে বন্ধুত্ব ব্যক্তি বা দলের সঙ্গে না’ 

ভারতের নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে কাদের বলেন, "ভারতের জনগণের রায় নিয়ে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন নাই। ভারতের জনগণ, ভোটাররা যাকে ভোট দেবে… 

“মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকার চলতে থাকবে। কে এল, কে গেল, এটা আমাদের বিষয় না। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে। আমাদের বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়।" 

উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন 

চার ধাপে উপজেলা নির্বাচন নেয় মূল্যায়ন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,“এবারের নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমাদের দেশের নির্বাচনে সাধারণত সহিংসতা, প্রাণহানি হয়ে থাকে। তবে আমাদের জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়েছে। উপজেলা নির্বাচনও ছিল শান্তিপূর্ণ। 

“(চতুর্থ ধাপে) ৬০টি উপজেলার নির্বাচন হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। আগামীকাল চূড়ান্ত ফলাফল জানা যাবে। উপজেলায় মোটামুটি একই রকম ফলাফল ৩৬, ৩৭, ৩৮ শতাংশ। এবারেরটা এ রকমই হয়ত হবে।“ 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানও এ সময় উপস্থিত ছিলেন।