Published : 10 Dec 2025, 05:04 PM
সংবাদ সম্মেলনে এসে ষোল মাসের কাজের ফিরিস্তি দিলেন, কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন, কথায় বাজল বিদায়ী সুর; নির্বাচন করার কথা আবারো বললেন, তবু পদত্যাগ নিয়ে কিছুই স্পষ্ট করলেন না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ঘুরে ফিরে বার বার তিনি বললেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।
বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে এসে তিনি বলেন, “আমি আগেই বলেছি, আমার নির্বাচন করার ইচ্ছে আছে। তবে কোন আসন থেকে করব, সেটা এখনো ঠিক করিনি।
“মন্ত্রণালয়ে থেকে নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে এভাবে নির্বাচন করা উচিত নয়, সেটা আমি আগেই বলেছি।”
পদত্যাগ করেছেন কিনা কিংবা পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে এএমএম নাসির উদ্দিনের কমিশন। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগের বিধান রয়েছে। এমন প্রেক্ষাপটে ২৪ ঘণ্টা আগে এসেও পদত্যাগের বিষয়টি পরিষ্কার না করার প্রসঙ্গ তোলেন এক সাংবাদিক।
জবাবে উপদেষ্টা আসিফ বলেন, “আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি। তো আমাদের সিস্টেম অনুসরণ করতে হয়। আমার উপর থেকে কোনো নির্দেশনা যদি আসে, সেটাকে আমার মেনে চলতে হয়। তো সেই জায়গা থেকে এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না।”
পদত্যাগ করে নিজের সহযাত্রীদের দল— জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হবেন কিনা, এমন প্রশ্নেরও স্পষ্ট উত্তর দেননি আসিফ মাহমুদ।
তিনি বলেন, “কোনো ধোঁয়াশা নয়, এ বিষয়ে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি। গণঅভ্যুত্থানের সময় আমি এখনকার এনসিপি নেতাকর্মীদের সঙ্গে যুক্ত ছিলাম। তবে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি এনসিপিতেই যোগ দিচ্ছি। আশা করি আগামী কয়েক দিনের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গেল বছরের ৮ অগাস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ।
পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এ ছাত্রনেতাকে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছাটা মাস খানেক আগে প্রকাশ করেন এ উপদেষ্টা।
গেল ৯ নভেম্বর ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকার কোনো একটি আসন থেকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে তার লড়াই করার ইচ্ছা রয়েছে।