১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফল বর্জন উমামার

“৫ অগাস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন” ফেইসবুক পোস্টে বলেন এ ভিপি প্রার্থী।

ফল বর্জন উমামার
ভিপি প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবার সকালে টিএসসি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 04:13 AM

Updated : 26 Aug 2026, 02:16 PM

কারচুপির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দিয়েছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। 

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ফেইসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

উমামা লেখেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া উমামা আরও লেখেন, “৫ অগাস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”  

 উমামার আগে ফল প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে প্রার্থী হন উমামা। এ প্যানেলের জিএস প্রার্থী ছিলেন আল সাদী ভূঁইয়া। জাহিদ আহমেদ লড়েন এজিএস পদে।

মঙ্গলবার রাত সাড়ে ৩টা পর্যন্ত যে কয়টি হলের ছাত্র সংসদ নির্বাচনের ফল আসে, তার প্রায় সবগুলোতেই এগিয়ে ছিলেন ছাত্রশিবিরের প্রার্থীরা। 

ফল ঘোষণা শেষ হওয়ার আগেই ক্যাম্পাসে বিজয় মিছিল করেন শিবিরের নেতাকর্মীরা।

অন্যদিকে ফল ঘোষণা শুরুর পরেই তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ সময় আচরণ বিধিলঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আসে চারটি প্যানেলের তরফে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থীর ব্যালটে আগে থেকে টিক দিয়ে রাখার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে টিএসসিতে বিক্ষোভও করেছে ছাত্রদল।

রাতে ভোট গণনা চলাকালে খালি ব্যালটবক্স ভরে ফেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ খবর পাওয়া গেছে।

ভোট গণনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে লোকজনের জমায়েত হওয়ার খবর পাওয়া যায়। 

ব্যক্তিপর্যায়ে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা রাজনৈতিক দলের নেতাকর্মী বলে পাল্টাপাল্টি অভিযোগ করেন ডাকসুর ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।