১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ, ক্রিসেন্ট লেকে মাছ অবমুক্ত

মঙ্গলবার ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 12:56 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং ক্রিসেন্ট লেকে মাছ অবমুক্ত করেছেন দলটির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান। 

মঙ্গলবার ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাস্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ এবং মহাসচিব জহিরুল ইসলাম শাকিলও সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা হবে। তারেক রহমান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।