Published : 02 Aug 2025, 07:21 PM
জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়টি ৫ অগাস্টের মধ্যে সুরাহার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা সংস্কার কার্যক্রমের ভার নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেবেন না।
অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকরের দাবিও জানিয়েছেন তিনি।
শনিবার ঢাকার বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদ কার্যকর করতে হবে অন্তর্বর্তী সরকারের আমলেই।
“জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে, গণপরিষদ গঠিত হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকর করতে হবে।”
গত বছরের ৫ অগাস্ট অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, এ আন্দোলনের নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সরকার পতনের ডাক দিয়ে এক দফা ঘোষণায় ‘নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত’ প্রতিষ্ঠার ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
ছাত্রনেতাদের আহ্বানে সাড়া দিয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাবে রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছতে তার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় সাড়ে পাঁচ মাস আলোচনা চালায়।
রাষ্ট্র সংস্কারের ১৯টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য পৌঁছানোর কথা বলা হলেও বাস্তবায়নের অঙ্গীকার হিসেবে জুলাই সনদ বা জাতীয় সনদে সই নেওয়া নিয়ে নতুন জটিলতায় পড়েছে ঐক্যমত্য কমিশন।
জামায়াত ও এনসিপি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলেছে। এ স্বীকৃতি ছাড়া জুলাই সনদে সই না করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। এমনকি সরকার ও কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকিও এসেছে জামায়াতের পক্ষ থেকে।
বিএনপি এ সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বললেও সাংবিধানিক স্বীকৃতির বিরোধিতা করছে। সংস্কার কার্যক্রম নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে দলটি।
এর মধ্যে শনিবার বৈষম্যবিরোধীদের আরেক দাবি করা জুলাই ঘোষণাপত্র গ্রহণের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে সরকার। ঘোষণাপত্রে খসড়া চূড়ান্ত করার কথা জানিয়ে প্রধান উদেষ্টার দপ্তর জানিয়েছে, ৫ অগাস্ট তা প্রকাশ করা হবে।
এদিন সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, সরকারের পক্ষ থেকে তারা জেনেছেন জুলাই ঘোষণাপত্রটি, ৫ অগাস্ট প্রকাশ করা হবে। তারা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।
“পাশাপাশি আমাদের দাবি ছিল ৫ অগাস্টের মধ্যে জুলাই্ সনদের বিষয়টির যেন সুরাহা হয়। আপনারা জানেন জুলাই সনদ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য হয়েছে, কিছু জায়গায় দ্বিমত আছে। ঐকমত্য কমিশন থেকে এখনও জানানো হয়নি আসলে যেসব বিষয়ে আপত্তি রয়েছে সেসব বিষয়ে তাদের পরিকল্পনা কী।
“আমরা বলেছি, ওটার বাস্তবায়ন পদ্ধতি কী? সেটা নিয়ে ঐকমত্য কমিশন কথা বলেনি। বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়ে জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে।”
নাহিদ বলেন, রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে এনসিপির দেশব্যাপী চলা জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
“সেখানে নতুন বাংলাদেশের জন্য আমাদের কর্মসূচি, রাষ্ট্র ভাবনার রূপকল্প আমরা প্রকাশ করব। সেখানে জুলাই সনদের দাবির পাশাপাশি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি থাকবে।”
অভ্যুত্থানের সামনের সারির নেতাদের অন্যতম নাহিদ বলেন, গত বছরের ৩ অগাস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতন এবং ‘ফ্যাসিবাদী’ ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষণা হয়েছিল। তবে ‘ফ্যাসিবাদী’ ব্যবস্থার পতন এখনও হয়নি।
তিনি বলেন, “যে ঘোষণার মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে আসছিলাম, আমরা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সমাবেশে বলে এসেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও পতন হয়নি। ফলে নতুন বাংলাদেশ নির্মাণের লড়াই আমাদের এখনও চালিয়ে যেতে হচ্ছে।”