১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঐকমত্য কমিশন ‘এলিট সংস্কারে’ ব্যস্ত: জেপিবি

“বিএনপি বা জামায়াতে ইসলামী যে দলগুলোর নাম দেয়, সে দলগুলোকেই ডাকা হয়,” বলেন শওকত মাহমুদ।

ঐকমত্য কমিশন ‘এলিট সংস্কারে’ ব্যস্ত: জেপিবি
সংবাদ সম্মেলনে কথা বলেন জেপিবির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 03:42 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

জাতীয় ঐকমত্য কমিশন সব দলকে না ডেকে কিছু দলকে নিয়ে ‘এলিট সংস্কারে’ ব্যস্ত বলে অভিযোগ তুলেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)।

দলটির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেছেন, “সংস্কার সাধনের ক্ষেত্রে ধীরগতি আজকের জনমনে প্রশ্ন জন্ম দিয়েছে। বিগত স্বৈরাচারের সহযোগীরা এখন বিচারালয় ও প্রশাসনে বহাল আছে। ঐকমত্য কমিশন আলোচনার সংস্কৃতি তৈরি করলেও বর্তমানে তা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে।

“গণঅভ্যুত্থানের অংশীজনদের বাইরে রেখে এক ধরনের এলিট সংস্কারে তারা ব্যস্ত। জুলাই সনদের নামে বর্তমান সরকারের বৈধতামূলক একটা স্বীকৃতি সনদ জন্ম করানোই যেন মূল লক্ষ্য।”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেপিবি মহাসচিব শওকত মাহমুদ বলেন, “আমরা ঐক্যমত্য কমিশনে চিঠি দিয়েছিলাম এবং সরকারের কাছেও চিঠি দিয়েছিলাম আমাদের দল আত্মপ্রকাশের পর। আমরা ঐক্যমত্য কমিশনের কাছে আমাদের আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ওপর নিজেরা মিটিং করে আমরা একটা সুপারিশমালা তৈরি করেছিলাম।” 

তিনি বলেন, “ঐক্যমত্য কমিশন যদি বলে যে- অনিবন্ধিত দলকে ডাকা হবে না; কিন্তু সেখানে অনিবন্ধিত দলকেও ডাকা হয়েছিল। আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরতে চেয়েছিলাম। 

“কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, বিএনপি বা জামায়াতে ইসলামী যে দলগুলোর নাম দেয়, সে দলগুলোকেই ডাকা হয়। সে জায়গায় আমরা মনে করি, ঐক্যমত্য কমিশন বৈষম্য সৃষ্টি করছে।”

নিবন্ধনের জন্য আবেদন করা ১৬৪টি দলের কোনোটিই প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সংবাদ সম্মেলনে কথা বলেন জেপিবি মহাসচিব শওকত মাহমুদ

সংবাদ সম্মেলনে কথা বলেন জেপিবি মহাসচিব শওকত মাহমুদ

সেই প্রসঙ্গ ধরে শওকত মাহমুদ বলেন, “২০০৮ সালের যে নিবন্ধনের বিধিমালা আছে, সে অনুযায়ী যতগুলো দল অংশগ্রহণ করেছে, প্রথম অবস্থায় কারোই উত্তীর্ণ হওয়া সম্ভব ছিল না।

“এই বিধিমালায় এমনসব শর্ত, এমনভাবে দেওয়া হয়েছে, যেমন- প্রত্যেকটি উপজেলা থেকে ২০০ ভোটার সদস্য দেখাতে বলা হয়েছে। সেখানে যদি ১৯৯ জন থাকে, সেটাকেও তারা তথ্যের ঘাটতি বলে উল্লেখ করে।

“এই যে কমিশন এভাবে প্রচার করল- এটা নতুন দলগুলোর প্রতি এক ধরনের তাচ্ছিল্য প্রকাশ করা হল বলে মনে করি।”

গেল ২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে দল রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জনতা পার্টি বাংলাদেশ। দলটির চেয়ারম্যান হিসেবে আছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহ মো. আবু জাফর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, এ বি এম ওয়ালিউর রহমান খান,  যুগ্ম মহাসচিব এ বি এম রফিকুল হক তালুদার রাজা, সমন্বয়কারী নুরুল কাদের সোহেল।