সংসদীয় গণতন্ত্রে সহযোগিতা অব্যাহত রাখার ‘আশ্বাস’ আইপিইউ মহাসচিবের
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ সোমবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্দা ফিলিপ।
সোমবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন বলে জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ এ বৈঠক হয়।
সাক্ষাৎকালে জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করেন তারা।
বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের ‘সমতাভিত্তিক’ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।
আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ অ্যাংগোরো এ সময় উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
জুলাই গণঅভ্যুত্থানে আহত চারজন—জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদার বিশেষ অতিথি হিসেবে বৈঠকে অংশ নেন।
