সম্পত্তি হস্তান্তর বিল সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে হেফাজত
জাতীয় সংসদে গেল ৬ সেপ্টেম্বর বিলটি পাস হয়েছে।
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের জন্য যে বিলটি পাস করা হয়েছে, তা সংশোধনের দাবি জানিয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
তাদের দাবি, বিলটি ইসলামি শরিয়াহবিরোধী।
রোববার সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ দাবি নিয়ে হেফাজত নেতারা প্রধামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার স্দ্ধিান্ত হয়েছে বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠকে হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী উপস্থিত ছিলেন।
কোথায় বৈঠক হয়েছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়নি। পরে হেফাজতের দুজনকে নেতা ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, তাদের বৈঠক হয়েছে বসুন্ধরা এলাকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে হেফাজতে ইসলামের আমিরের পক্ষ থেকে সংগঠনের ও ফিকহ বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগ করার অধিকার রাখতে পারবেন, এমন বিধান রেখে গেল ৬ সেপ্টেম্বর সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের বিল পাস করেছে জাতীয় সংসদ।
বিরোধীদল জামায়াতে ইসলামী এ বিলের বিরোধিতা করেছে। তাদের দাবিতে বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক।
ইসলামি শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত না নিয়ে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ পাস করার প্রতিবাদ জানিয়ে হেফাজতও বলেছে, এ আইন কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। মুসলিম প্রধান এ দেশে ইসলামি শরিয়াহ বিরোধী কোনো আইন গ্রহণযোগ্য হবে না বলেও দাবি করেছে তারা।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আব্দুল হামিদ, মহাসচিব সাজিদুর রহমান।
হেফাজতের ওই দুই নেতা বলেছেন, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে জানাবেন।
