Published : 02 Jan 2026, 01:14 PM
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় তারেককন্যা তার চাচি সৈয়দা শামিলা রহমান সিঁথিকে নিয়ে জিয়া উদ্যানে আসেন।
এসময় খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম আসেন স্বামী আমিনুল ইসলামকে নিয়ে। অধ্যাপক আমিনুল আসেন হুইল চেয়ারে চেপে। সঙ্গে ছিলেন তার ছেলে শাহরিন ইসলাম তুহিন ও তার স্ত্রী।
আসেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার।
খালেদা জিয়ার আরেক ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভিক এস্কান্দার ও তার পরিবারের সদস্যরাও আসেন। তাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দীর্ঘদিনের সঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগমকে দেখা গেছে।
জায়মাসহ শোকার্ত স্বজনরা খালেদা জিয়ার কবরের সামনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় কবর প্রাঙ্গণে কোরআন তেলোয়াত করছিলেন জাতীয়তাবাদী উলামা দলের সদস্যরা।
খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কবরে জিয়ারতে আসার সময়ে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়। নেতাকর্মীদের কাউকে ওই সময়ে কবরপ্রাঙ্গণে যেতে দেওয়া হয়নি।
পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করলে তা ফের সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর কালো ব্যাজ ধারণকারী বিএনপি নেতাকর্মীদের ঢল নামে সেখানে।
হাসপাতালে চল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদের সামনে জনসমুদ্রের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়।
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক চলছে। শেষ দিন শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া কর্মসূচি রয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দলটি সাতদিনের শোক করছে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণের পাশাপাশি দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তালন করা হয়েছে।