Published : 31 Aug 2026, 09:07 PM
শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করবে বিএনপি।
মঙ্গলবার সকালে দলের চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে কবরে শ্রদ্ধা জানাবেন বলে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
তিনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা তা উপযাপন করার সব প্রস্তুতি সস্পন্ন করেছি।”
প্রথম দিন নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশে জেলা কার্যালয়ে বিএনপির পতাকা উত্তোলন করা হবে।
বিএনপি এমন সময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চলেছে, যখন দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনা করছে দলটি; আর প্রথমবারের মত প্রধানমন্ত্রী পদে আছেন তারেক রহমান।
রিজভী বলেন, এবার প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। তিনি দলটির চেয়ারম্যান ছিলেন।
জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এখন দলটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া্র মৃত্যুর পর দলের হাল ধরেন তিনি।