Published : 04 Oct 2025, 10:12 PM
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেছেন, “আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। যারা জুলাই সনদের আন্দোলনে নেই, তাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের কোনো রাজনৈতিক বোঝাপড়ার প্রশ্নই ওঠে না।
“আর জুলাই সনদের বাস্তবায়নের পথে যারা অন্তরায় হয়ে দাঁড়াবে, তাদের সঙ্গে কোনো প্রকার ঐক্যের সম্পর্ক আমাদের থাকতে পারে না।”
শনিবার পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে খেলাফত মজলিসের এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা জুলাই সনদের ভিত্তিতেই হবে- এমন প্রত্যাশাই করছি।”
জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন না হলে পরে তা ‘কাগুজে দলিল’ হিসেবে থেকে যাবে বলে মন্তব্য করেন তিনি।
খেলাফত মজলিস আমির বলেন, “ভবিষ্যতের কোনো সরকার এটি বাস্তবায়ন করবে এমন ভরসা নেই। সুতরাং, জুলাই বিপ্লবকে সার্থক করতে হলে জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং এর ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।”
জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ পাঁচ দাবিতে দলটির কর্মসূচি পালনের আহ্বানও জানান তিনি।
খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালের সভাপতিত্বে, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।