১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অপ্রাসঙ্গিক’ জুলাই ঘোষণাপত্রের দায় আমরা নেব না: প্রিন্স

“তেঁতুল গাছের কাছে মিষ্টি আম চেয়ে লাভ হবে না। মেহনতি মানুষের স্বার্থ রক্ষাকারী দলকে ক্ষমতায় বসানো ছাড়া মুক্তি নেই,” বলেন সিপিবির এ নেতা।

‘অপ্রাসঙ্গিক’ জুলাই ঘোষণাপত্রের দায় আমরা নেব না: প্রিন্স
ঢাকায় শুক্রবার সিপিবির পল্টন থানার সম্মেলনে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

‘একচোখা বক্তব্য’ ও ইতিহাস ‘বিকৃতির’ মাধ্যমে জুলাই ঘোষণাপত্রকে ‘অপ্রাসঙ্গিক’ করে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার পল্টন মোড়ে এক সমাবেশে তিনি বলেন, “সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করা কোনো সংস্কার আলোচনা, সনদ কিংবা ঘোষণাপত্র গ্রহণযোগ্য হবে না।”

প্রিন্স বলেন, “ইতিহাস বিকৃতি ও একচোখা বক্তব্য পাঠের মধ্য দিয়ে ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে। এটি প্রণয়নে আমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। এর দায় আমরা নেব না।”

বিভিন্ন স্থানে সন্ত্রাস, হত্যা, দখলদারিত্ব ও চাঁদাবাজির ঘটনা তুলে ধরে তিনি বলেন, “এ ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।”

তিনি বলেন, “সংস্কারের নামে অনেক আলোচনা হচ্ছে। অথচ শ্রমিকের ন্যূনতম মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম, সবার কর্মসংস্থান ও জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়নি।

“তেঁতুল গাছের কাছে মিস্টি আম চেয়ে লাভ নেই। বড় লোকের স্বার্থ রক্ষাকারী দলের পরিবর্তে মেহনতি মানুষের স্বার্থ রক্ষাকারী দলকে ক্ষমতায় বসানো ছাড়া মুক্তি নেই।“

নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচন পেছানোর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।”

সিপিবি পল্টন থানার সম্মেলন উপলক্ষে এ সমাবেশ হয়। পল্টন থানার সভাপতি কার্ত্তিক চক্রবর্তীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির ঢাকা দক্ষিণ কমিটির সদস্য শংকর আচার্য্য, ত্রিদিব সাহা, মুর্শিকুল ইসলাম শিমুল ও পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিক।