১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন পরিচালনায় আওয়ামী ‘দোসররা’ নয়: জয়নুল আবদিন ফারুক

নেতাকর্মীদের তিনি বলেন, “আয়নাঘরের পরিবর্তে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের আহ্বানে সাড়া দিন, আমাদের নেতা যেভাবে কাজ করতে বলেছেন, সেভাবে কাজ করুন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 03:48 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনায় ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের সম্পৃক্ত না করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, “বাংলাদেশে যে গণতন্ত্র এনে দিয়েছে মুগ্ধ-আবু সাঈদরা, সেই গণতন্ত্রকে আজ শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে। তাই আজকে গণতন্ত্র ফোরামের দাবি হবে- আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আগামী বছরের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা ২০১৪ সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা ২০১৮ সালের দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা ২০২৪ সালের বাংলাদেশে দিনের ভোট রাতে করেছেন; সেই প্রেতাত্মারা এখনো সর্বত্র বসে আছেন।

 “প্রধান নির্বাচন কমিশনার, আপনাকে আমরা ভালো করেই জানি একজন সৎ দক্ষ ব্যক্তি… আপনার কাছে অনুরোধ থাকবে- যারা ২০২৬ সালের নির্বাচন পরিচালনায় কোনোভাবে আওয়ামী প্রেতাত্মারা যারা ’১৪, ’১৮ ও ’২৪ এর নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, তারা যেন অংশগ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে- সেইদিকে সজাগ দৃষ্টি রাখবেন।”

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, “বিএনপি জীবনভর লড়াই করেছে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের লড়াইয়ে আমার মা হারিয়েছি, বাবা হারিয়েছি, ভাই হারিয়েছি, আয়নাঘরে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছি।

“সেই আয়নাঘরের পরিবর্তে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের আহ্বানে সাড়া দিন, আমাদের নেতা যেভাবে কাজ করতে বলেছেন, সেভাবে কাজ করুন।”

‘পিআর নিয়ে জনগণের কাছে যান’

সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে আন্দোলনরত দলগুলোর উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, “আমি বলব, পিআর পদ্ধতি যদি আনতে হয়, জনগণের কাছে যান; নির্বাচিত হয়ে শেরে বাংলা নগরের সংসদ যান, সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর পদ্ধতি দেন।

 “কিন্তু বাংলাদেশের মানুষ গত ১৫ বছরে বুঝে ফেলেছে, বাংলাদেশে নির্বাচন একটাই- ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা জালিয়াতি করেছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা দিল্লিতে বসে তার বাংলাদেশে বসে থাকার দোসরদের দিয়ে চক্রান্ত করছে।”

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাদুর রহমান টিপুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।