১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জনগণকে তুলতে হবে কেন: গয়েশ্বর

“ব্যক্তিগতভাবে একমত বা দ্বিমত জানাচ্ছি না; অভিজ্ঞতা থেকে বলছি, কোনো দল নিষিদ্ধ করে সমস্যার সমাধান হয় না।”

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জনগণকে তুলতে হবে কেন: গয়েশ্বর
জাতীয় প্রেস ক্লাবে শনিবার ১২ দলীয় জোটের অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2025, 10:27 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এ দাবি জনগণের তুলতে হবে কেন? 

শনিবার দুপুরে এক আলোচনা সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর লেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটা জনগণের দাবি করতে হবে কেন? যদি হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) নির্বাহী ক্ষমতা বলে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে পারে, তাহলে এ নাটকবাজি কেন; কী প্রয়োজন; কী বোঝাতে চান; এটা আমাদের বুঝতে হবে।”

গয়েশ্বর বলেন, “জামায়াতে ইসলাম তো আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। তারা তো একটা নিষিদ্ধ দল, নাকি? আওয়ামী লীগ করছে তো, ন্যায়-অন্যায় তো পরের কথা।

“ওই জামায়াতে ইসলাম তো এখনও নিবন্ধন ফেরত পায়নি। কিন্তু সরকার (অন্তবর্তীকালীন সরকার) খুব গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামকে… ওর নিবন্ধনের দরকার নাই।”

গয়েশ্বর বলেন, “আমি ব্যক্তিগতভাবে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকেই বলছি, কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না।

“সমাধান মানসিকতায়। বিগত ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ ও  বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন; আইনের শাসনটা বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে, সেটা জনগণের মাধ্যমে দেখা যাবে।”

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ’ ও নিরাপত্তার দাবিতে এ আলোচনা সভা হয়।

‘আবদুল হামিদ কীভাবে গেলেন’

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “আবদুল হামিদ চলে গেলেন, উনি লুকিয়ে যাবে কেমনে? আবদুল হামিদ লোকটা যেমনই হোক, রাষ্ট্রের দুই বারের প্রেসিডেন্ট। কোন সংস্থা জানে না তিনি দেশে আছেন; কোন সংস্থা জানে না তিনি বিমানের টিকেট কাটছেন, কোন সংস্থা জানে না তার ফ্লাইট কয়টায়?

“আমরা কিন্তু ঢাকার বাইরে যেতে পারি না, সব তটস্থ হয়ে যায়। উনি (আবদুল হামিদ) ভিআইপি রুমে গেলেন। আমরা গেলে বলে, স্যার একটু বসেন, মানে উপরে একটু যোগাযোগ করতে হবে।”

১/১১ এর সময়ে খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজ এই সরকারের পেছনে কে কলকাঠি নাড়ে? ওই ১/১১ যারা সৃষ্টি করেছে, তারা এ সরকারকে নাচাচ্ছে। 

“আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন, নিজে নিজকে জিজ্ঞাসা করবেন, উত্তরটা খুঁজে পাবেন।”

‘সরকারকে বলতে হবে, তারেকের দেশে ফিরতে বাধা নাই’

গয়েশ্বর বলেন, “এখন সরকারের কাছ থেকে আমরা জানতে চাই, তারেক রহমানের দেশে ফেরার পেছনে কোনো বাধা নাই। সরকার প্রধানের কাছে… আপনি স্পষ্টভাষায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নাই।

“সেকেন্ডারি নিরাপত্তার বিষয়টি, সেটা দেখা যাবে, আল্লাহ কারে কখনো মারে। আমি মনে করি, নিরাপত্তাজনিত কারণটা কোনো কারণ নয়। যে অজ্ঞাত কারণটা, আমাদের প্রশ্নের জবাব মিলছে না, সে অজ্ঞাত কারণটা আমাদের খুঁজে বের করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।