Published : 17 Jan 2026, 09:03 PM
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঘণ্টাব্যাপী সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে বিএনপির তরফে বলা হয়, আগামীতে বিএনপি সরকার গঠন করলে দলের চেয়ারম্যান তার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় করেন। কীভাবে সম্পর্কের উন্নয়ন করা যায়, কীভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা তারা করতে পারে সে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে।
প্রায় দেড় দশক লন্ডনে নির্বাসনে থাকার পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এটি যুক্তরাজ্যের হাই কমিশনারের সঙ্গে প্রথম সাক্ষাৎ।
এ সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমীন ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকের পর হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, সাপ্তাহিক ছুটির দিনেও যুক্তরাজ্যের হাই কমিশনার, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। এসব সাক্ষাৎ সৌহার্দমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বৈঠকে রাষ্ট্রদূতরা তাদের সরকারের মতামত তুলে ধরেছেন।
‘‘২৫ ডিসেম্বর (তারেক রহমানের) ঐতিহাসিক প্রত্যাবর্তনের পরে ওনাকে ঘিরে আমরা যেটা বলছি যে, আন্তর্জাতিক মহলে আগ্রহ আছে। সেই পরিপ্রেক্ষিতে উনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাই কমিশনারদের সাক্ষাৎ দিচ্ছেন। দেখেন আজকে সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনেও উনি তাদের সাক্ষাতে আগ্রহ দেখাচ্ছেন।
‘‘চেয়ারম্যান সাহেব বলেছেন, দেশের স্বার্থ বিবেচনায় রেখেই আমরা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করব যেটা আমাদের দ্বিপক্ষীয় সৌহাদ্য ও স্বার্থকে বজায় রাখবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের সাথে মতবিনিময় করা হচ্ছে। কারণ বিদেশিরা দেখছেন তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে কত জনপ্রিয়। বাংলাদেশের মানুষ তারেক রহমান সাহেবকে কোন জায়গায় দেখে বা দেখতে চায়। এটা উপলব্ধি করেই এসব রাষ্ট্রদূতরা তার সাথে সাক্ষাতে আগ্রহ দেখাচ্ছেন।”
এর আগে এদিন বিকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি আলাদাভাবে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।