Published : 08 Apr 2026, 02:41 PM
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ সংশোধন করে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি তাদের ‘যাবতীয় কার্যক্রম’ নিষিদ্ধ করার স্পষ্ট বিধান রেখে ‘সন্ত্রাস বিরোধী সংশোধন বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১১ মে ওই সংশোধনী এনে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। পরদিন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট জারি করা হয়েছিল।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার নতুন এই বিলের মাধ্যমে সেই অধ্যাদেশকে আইনের রূপ দিল। এর ফলে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকল।
বুধবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করেন। পরে তিনি বিলটি অবিলম্বে বিবেচনা এবং পাসের প্রস্তাব তুললে কণ্ঠভোটে তা গৃহীত হয়।
বিলে বলা হয়েছে, বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সুস্পষ্ট বিধান না থাকায় আইনটি সময়োপযোগী করতে ১৮ ও ২০ ধারা সংশোধন প্রয়োজন হয়েছে। সেই যুক্তিতে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ রহিত করে নতুন আইন আনা হচ্ছে।
এই সংশোধনীর মাধ্যমে ২০০৯ সালের আইনের ১৮ ধারায় ‘সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে’ শব্দগুলোর পর ‘বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করিতে পারিবে’ শব্দগুলো যুক্ত হয়েছে।
আর ২০ ধারার সংশোধনে বলা হয়েছে, ধারা ১৮ অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকার তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচার-প্রচারণাও বন্ধ করতে পারবে।
বিলের ভাষ্য অনুযায়ী, ওই সত্তা কর্তৃক বা তার পক্ষে বা সমর্থনে ‘যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান’ নিষিদ্ধ করা যাবে।
বিল উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ এই মহান সংসদে উত্থাপন করছি।”
পরে অবিলম্বে বিবেচনার প্রস্তাব তুলে তিনি বলেন, “সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ মহান সংসদ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।”
স্পিকার কণ্ঠভোটে প্রস্তাব গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন। বিলটির ওপর দফাওয়ারি কোনো সংশোধনী ছিল না। এরপর দফা ২, ৩ ও ৪, পরে ১ নম্বর দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন ও শিরোনাম কণ্ঠভোটে গৃহীত হয়।
বিল পাসের আগে বিরোধীদলীয় নেতা কথা বলার সুযোগ নিয়ে বলেন, বিলটির তুলনামূলক বিবরণী তারা মাত্র তিন থেকে চার মিনিট আগে হাতে পেয়েছেন। আইনটি ‘স্পর্শকাতর’ হওয়ায় তিনি এটি পাসের আগে কিছুটা সময় দিয়ে বিরোধী দলকে বিষয়টি দেখার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
জবাবে স্পিকার বলেন, “আপত্তি জানানোর জন্য নির্দিষ্ট সময় ছিল, সেই পর্যায়ে আপত্তি এলে তা বিবেচনা করা যেত। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নাই।”
এরপর বিলটির পক্ষে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই বিলটা হল একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট।”
তিনি বলেন, আগের আইনে সংশোধনের পেছনে একটি আন্দোলনের প্রেক্ষাপট ছিল এবং “সেই প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল।”
স্পিকারও এ সময় বলেন, সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সে অনুযায়ী তাদের নিবন্ধনও স্থগিত রয়েছে। পরে সংবিধানের ৪৭ অনুচ্ছেদের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-সংক্রান্ত আইনেও পরিবর্তন আনা হয়েছে।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব তুললে কণ্ঠভোটে তা গৃহীত হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী কার্য প্রতিরোধ ও শাস্তির বিধান রাখতে ২০০৯ সালের আইনটি করা হলেও কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার যুক্তিসঙ্গত কারণ পেলে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্ত করতে পারত, কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি স্পষ্ট ছিল না।
যেভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দলটির নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যান।
তার তিন দিনের মাথায় মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। জুলাই-অগাস্টের অভ্যুত্থানের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে ডজন ডজন মামলা হতে থাকে।
আওয়ামী লীগের সময়ে যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামায়াত নেতাদের একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান দমাতে গিয়ে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে পরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়।
আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দলটিকে নিষিদ্ধ করার দাবি ছিল অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। ওই দাবিতে ২০২৫ সালের মে মাসে জোরালো আন্দোলন শুরু হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ওই আন্দোলনের নেতৃত্বে ছিলেন অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
ওই আন্দোলনের মধ্যে ১০ মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসে। পরে সংবাদ সম্মেলনে এসে তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জানান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের গেজেট জারি হয়।
আইনের দুটি ধারায় ওই সংশোধনের মধ্য দিয়ে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন, তার অঙ্গ বা সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে।
সেখানে বলা হয়, কোনো সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি এ আইনের আওতাভুক্ত কোনো অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে।
গণজাগরণ মঞ্চের আন্দোলনের মুখে ২০১৩ সালে ট্রাইব্যুনাল আইনে যে সংশোধনী আনা হয়, সেখানে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচারের সুযোগও রাখা হয়। কিন্তু সংগঠনের সাজা কী, সেটি উল্লেখ করা ছিল না।
একাত্তরের ভূমিকার জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে সে সময় আইনটি আবারও সংশোধন করবে বলেছিল শেখ হাসিনার সরকার। কিন্তু এক দশক ঝুলিয়ে রেখেও আওয়ামী লীগ সরকার তা করেনি।
অন্তর্বর্তী সরকারের সময়ে ট্রাইব্যুনাল আইনে সেই সংশোধনী এনে দল হিসেবে খোদ আওয়ামী লীগের বিচারের পথ তৈরি করা হয়।
১২ মে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।
সেখানে বলা হয়, অভ্যুত্থান দমাতে ‘গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতাবিরোধী অপরাধের’ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
এই নিষেধাজ্ঞার কারণে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধনও পরে স্থগিত করে। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়নি সববেয়ে বেশি সময় বাংলাদেশের ক্ষমতায় থাকা দলটি।
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশটি মূলত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার পাশাপাশি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করেছিল। বুধবার জাতীয় সংসদে পাস হওয়া বিলের মাধ্যমে সেই অধ্যাদেশই আইনের রূপ পেল।
পাস হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে যেভাবে ‘কার্যক্রম নিষিদ্ধ’ করার বিধান যোগ করা হয়েছিল, সংসদে পাস হওয়া আইনেও তা বহাল রাখা হয়েছে।
পুরনো খবর
নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, বিচারেরও পথ খুলছে
'বিচার শেষ না হওয়া পর্যন্ত' আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি