Published : 22 Aug 2026, 06:18 PM
গণসমাবেশ বাতিল হয়ে যাওয়ার ‘স্পষ্ট ব্যাখ্যা’ না পেলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
শনিবার পুরানা পল্টনে নিজেদের প্রধান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ হুঁশিয়ারি দেন দলের সভাপতি হাসনাত কাইয়ূম।
অর্থনৈতিক সংস্কারের দাবিতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ ডেকেছিল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। কিন্তু ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সেটি বাতিল করে দেয় বলে দলটির অভিযোগ।
সংবাদ সম্মেলনে হাসনাত কাইয়ূম বলেন, “বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে দেশের অবস্থা দুর্বিষহ। সংকট মোকাবেলায় অর্থনৈতিক সংস্কার এবং পাচারকৃত অর্থ উদ্ধারসহ নানা দাবিতে আজ শহীদ মিনারে আমাদের গণসমাবেশ ছিল।”
তার দাবি, “সমাবেশের জন্য সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অনুমতি নেওয়া হয় এবং ১০ দিন আগেই ডিএমপিকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু দুঃখজনকভাবে ডিএমপি কোনো কারণ ছাড়াই শেষ মুহূর্তে সমাবেশ বাতিল করে দেয়।”
সংবাদ সম্মেলনে বলা হয়, সমাবেশ বাতিলের সিদ্ধান্ত পুলিশের একক সিদ্ধান্ত হয়ে থাকলে এর সঙ্গে যুক্ত পুলিশ কর্মকর্তাদের দ্রুত বিচার করতে হবে।
তিনি বলেন, “এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়ে থাকলে সাত দিনের মধ্যে সরকারকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”