১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সব বিভাগীয় নগরীতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

ঢাকা ও চট্টগ্রাম নগরীতে অবস্থান কর্মসূচির পাশাপাশি দেশের সব বিভাগীয় নগরীতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সব বিভাগীয় নগরীতে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে শনিবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 01:03 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের সব বিভাগীয় নগরীতে ‘সর্বাত্মক’ অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

শনিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে এ ঘোষণা দিয়ে বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

তবে ঘণ্টা খানেক পর কর্মসূচিতে কিছুটা বদল আনে সংগঠনটি।

ফেইসবুকে নতুন পোস্টে জানায়, শনিবার রাতের বাকি সময়ের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। শাহবাগে রাতে আর কেউ অবস্থান করতে পারবে না।

“আগামীকাল (রোববার) ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।”

রাজধানীতে গত ১২ ডিসেম্বর গুলিতে নিহত ওসমান হাদীর হত্যাকারীসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দুইদিন ধরে এবং চট্টগ্রাম নগরীর নিউ মার্কেটে শনিবার দুপুরের পর থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শনিবার রাতেও শাহবাগের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল মঞ্চ থেকে। রাতে অবরোধ স্থলে এসেছিলেন বন ও পরিবেশ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।   

শাহবাগে দিনভর আন্দোলনকারীদের ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ এর মত স্লোগান দিতে শোনা যায়।