১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাঁচ দাবিতে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি দিল খেলাফত মজলিস

“আমাদের পাঁচ দফা দাবি কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়, এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায়পরায়ণতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।”

পাঁচ দাবিতে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি দিল খেলাফত মজলিস
সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মাদ মামুনুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 04:05 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

কর্মসূচির মধ্যে আছে- ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল।

রোববার সকালে ঢাকার নয়া পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আমির মুহাম্মাদ মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আমাদের পাঁচ দফা দাবি কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়, এগুলো দেশের জনগণের অধিকার এবং ন্যায়পরায়ণতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। জনগণ যেন অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে—এটি নিশ্চিত করতেই আমরা এই দাবি উত্থাপন করছি। পাঁচ দফা দাবি দেশের ভবিষ্যতের জন্য ন্যায়, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির প্রতিফলন।

“সেই লক্ষ্যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আশা করি, সরকার জনগণের এ দাবিগুলোকে গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং এগুলোর বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসবে।”

শনিবার একটি সংবাদমাধ্যমে খবর আসে জামায়াতে ইসলামীসহ আটটি দল চার দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে। খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নাম এসেছে সে খবরে। সেখানে বলা হয়, শিগগিরই দলগুলো কর্মসূচি ঘোষণা করবে।

এর মধ্যে এনসিপি খবরটিকে বিভ্রান্তিকর মন্তব্য করে নাকচ করে দিয়েছে। দলটি বলেছে, তারা কোনো দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না।

আর খেলাফত মজলিস রোববার পাঁচ দফা দাবি তুলে কর্মসূচি ঘোষণা দিল।

তাদের দাবিগুলো হল-

>> জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন।

>> ‘ফ্যাসিবাদের’ দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।

>> নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি।

>> জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।

>> সংসদের উচ্চকক্ষে সংখ্যানপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন।

খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ আমিন, তোফাজ্জল হোসেন মিয়াজী, শারাফাত হোসাইন, আজিজুর রহমান হেলাল, এনামুল হক মুসা, ফয়সাল আহমদ, আবু সাঈদ নোমান।