১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহতদের স্মরণে মঙ্গলবার দোয়া মাহফিল বিএনপির

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল হবে, বলা হয় দলের সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 09:27 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার দোয়া মাহফিলের পাশাপাশি কালো পতাকা উত্তোলন করবে বিএনপি।

সারা দেশে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হবে বলে সোমবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল হবে। এতে বিএনপি মহাসচিবসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

সোমবার ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়; দগ্ধ হওয়াসহ নানাভাবে আহত হন দেড় শতাধিক মানুষ।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বলছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ উড়োজাহাজটি সোমবার দুপুরে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ভবনে বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে ভবন থেকে কেউ বের হতে পারেনি। অনেকেই সেখানে দগ্ধ হন।”