১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহী ও চট্টগ্রামে হামলা: নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াত আমির

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে জামায়াত আমিরের এই হুঁশিয়ারি এল।

রাজশাহী ও চট্টগ্রামে হামলা: নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2025, 03:42 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

জামায়াতে ইসলামীর কেউ দলীয় শৃঙ্খলার বাইরে কিছু করলে সংগঠন ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না….ব্যক্তি তিনি যেই হোন না কেন।”

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে জামায়াত আমিরের এই হুঁশিয়ারি এল।  

দুই ঘটনাতেই ‘শাহবাগবিরোধী ঐক্যের’ ব্যানারে হামলা চালানো হয়েছে, আর ওই ব্যানারের আড়ালে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম নগরীতে গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানো হয়।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম নগরীতে গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানো হয়।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতনের ছয় ঘটনায় দোষী সাব্যস্ত করে ২০১৪ সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালে প্রথমবার আপিল শুনানি করে সেই রায় বহাল রেখেছিল তখনকার আপিল বেঞ্চ।

জুলাই অভ্যুত্থানে সরকার বদলের পর আজহারের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে আপিল শোনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সেই রায়ে আজহারকে বেকসুর খালাস দেওয়া হয়।

সেদিন রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠনগুলো ক্যাম্পাসের পরিবহন চত্বরে মশাল মিছিল বের করলে তাদের ওপর হামলা হয়।

এরপর বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলায় আহত হন নারীসহ অন্তত ১০ জন।

ওই ঘটনায় এক নারী কর্মীকে লাথি মারার ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। পরে জানা যায়, যিনি লাথি মেরেছেন, তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত।

নেতা-কর্মীদের উদ্দেশে জামায়াত আমির লিখেছেন, “অতএব সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।”