১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী আসবেন জেনে দুপুর আড়াইটা থেকে নেতাকর্মী ও সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন।

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় আসার পর নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 08:55 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের সামনে উপস্থিত হলে স্লোগান দিয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।  

প্রধানমন্ত্রী আসবেন জেনে দুপুর আড়াইটা থেকে নেতাকর্মী ও সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকাল সাড়ে ৪টার থেকে নয়া পল্টনের সড়ক ভরে যায়।

তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ শ্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকায়।

পরে সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের কেন্দ্রীয় কার্যালয়ে আসার তথ্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার পর সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি চেয়ারম্যানের কক্ষে বসেছে। সেখানে বিভিন্ন সাংগঠন কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছেন।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইসচেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ অন্য নেতারা উপস্থিত আছেন।

এদিন এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশনে দলের বিভিন্ন কার্যক্রম নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়।

সেখান থেকে তারেক রহমান নয়া পল্টনে আসেন। তার আগমন উপলক্ষে সকাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যালয় এবং এর চারপাশে কড়া নজরদারি করছে।