Published : 24 Oct 2025, 12:12 PM
আট মাস আগে আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস তাদের নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
পাশাপাশি দলের স্লোগানেও এনেছে পরিবর্তন।
‘শিক্ষা, ঐক্য, মুক্তি-মুক্তি’ পরিবর্তন করে এখন ‘স্টুডেন্ট ফাস্ট, বাংলাদেশ ফাস্ট’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবু সাঈদ কনভেনশন হলে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সমন্বয় সভায়’ নতুন সংস্কারের ঘোষণা দিয়েছে দলটি।
তবে এদিন তাদের কমিটি ঘোষণার কথা থাকলেও তা হয়নি।
চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে বাগছাস। প্রতিষ্ঠার দিনে মারামারি, ডাকসুতে ভরাডুবি ও সংগঠনে বিশৃঙ্গলা এড়াতে এ সংস্কারের দিকে গিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতাদের নিয়ে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অনুপ্রেরণায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা বাগছাসের নেতাকর্মীরা বলছেন, এখন তারা এনসিপির পুরনো প্ল্যাটফর্ম ‘ছাত্রশক্তি’ নামে ফিরছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ অনেকে।
সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “যে কোনো মূল্যে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা পেলে তবেই স্বাক্ষর করবে এনসিপি। স্বাক্ষর করার পর দুইটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ স্বাক্ষর প্রত্যাহার করতে চায়। আরেক পক্ষ কালি দিয়ে গেড়ে দিতে চায়।”
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ‘ভয়ের সংস্কৃতি’ তৈরি করেছিল। আর যেন কেউ গণরুম-গেস্টরুম বানাতে না পারে, সেজন্য ছাত্রসংসদকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়েও দেশের মানুষ সন্তুষ্ট হয়নি। একটি রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী সেটা করা হয়েছে।”