Published : 23 Aug 2026, 05:37 PM
জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুনীল শুভ রায়। একই সঙ্গে তাকে দলের মুখপাত্রের দায়িত্বও দেওয়া হয়েছে।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে রোববার এক জরুরি সভায় চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তাকে এ দায়িত্ব দেন।
সুনীল শুভ রায় জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি ছিলেন। দলের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্বও তিনি পালন করেছেন।
এরশাদের মৃত্যুর পর তিনি দলটির রওশন এরশাদ অংশে ছিলেন। রোববার সেখান থেকে তিনি আবার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশে যোগ দিলেন।
সভায় সুনীল শুভ রায়কে নতুন দায়িত্ব দেওয়ার পাশাপাশি দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও আলোচনা হয়। গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন বলে মন্তব্য করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, “গ্যাস ও বিদ্যুৎ সংকট শুধু শিল্পখাতকেই ক্ষতিগ্রস্ত করছে না, এর প্রভাব পড়ছে কর্মসংস্থান, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। গ্যাসের সংকটের কারণে অনেক শিল্পকারখানা তাদের স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। কোথাও উৎপাদন কমে গেছে, কোথাও আবার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমিকরা। তারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ছেন। এর প্রভাব তাদের পরিবারেও পড়ছে।”
এই সংকটকে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, “শিল্পকারখানা বন্ধ হওয়া মানে, শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়; এর সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবিকা, পরিবারের ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির বিষয় জড়িত। সরকারকে দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সভায় আরও বক্তব্য বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, সরদার মো. শাহজাহানসহ দলের কেন্দ্রীয় নেতারা।