Published : 28 Sep 2025, 09:00 PM
আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিমের লালবাগের আজিমপুর এলাকার বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
রোববার বেলা ১১টার পর দায়রা শরিফ আবাসিক এলাকার ৪ নম্বর গেইট সংলগ্ন ‘গুলশান আরা মাসুদ’ নামের বাসায় এ অভিযান শুরু হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
তবে কী কারণে এই অভিযান, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্তারিত জানা নেই। তবে তারা আমাদের কাছে পুলিশ চেয়েছিল, সে অনুযায়ী সহায়তা করতে আমরা পুলিশ দিয়েছি।”
পরে বিকাল পৌনে ৫টায় অভিযান শেষ করে চলে যায় যৌথবাহিনী। তবে তাদের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
এরপর যোগাযোগ করা হলে লালবাগ থানার ওসি মোস্তফা কামাল বলেন, “বিভিন্ন মাধ্যমে গাড়ি জব্দের কথা শোনা যাচ্ছে; কিন্তু আমরা কিছু বুঝে পাইনি।”
রাজনৈতিক পটপরিবর্তনের ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান।
২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম।
পরে দুর্নীতির মামলায় দশ বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। সাজার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি।
গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি।
তার ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।