১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ‘কোনো ছায়া’ বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেই: এবি পার্টি

“সরকার যেভাবে দেশ চালাচ্ছে, বিরোধীদের আন্দোলনে নামতে হবে না। দুর্ভোগের কারণে জনগণই রাস্তায় নামবে,” বলেন মজিবুর রহমান।

বিডিনিউজ২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 07:59 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সাদামাটা’ জীবনযাপনের বার্তা দিলেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার কোনো ‘ছায়া’ দেখছেন না আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাসের অগ্রগতি ‘হতাশাজনক’ বলেও মন্তব্য করেছেন তিনি। 

সোমবার ঢাকার বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মূল্যায়ন করেন।

‘সরকারের ছয় মাস: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা! জনগণের সামনে পূর্ণাঙ্গ খতিয়ান’ শিরোনামে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। পরে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানায় দলটি।

মজিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তার আচরণ ও কর্মযজ্ঞে মিতব্যয়ীতা ও সময়ানুবর্তিতার চর্চা, জৌলুস পরিহার করে সাদামাটা জীবনাচরণের নতুন সংস্কৃতি চালু করার বার্তা দিচ্ছেন। কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে তার কোনো ছায়া নেই।”

তিনি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন প্রকল্প নিয়ে নানা রকমের দুর্নীতির অভিযোগ আসছে।

তিনি বলেন, “সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে বিরোধী দলের আন্দোলন করারই কোনো দরকার হবে না। জনদুর্ভোগের কারণে সাধারণ নাগরিকরাই ধৈর্য্য হারিয়ে রাস্তায় নামবে।”

সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “রাজনৈতিক সহিংসতার কালচার আবার ফিরে আসছে, যা কাম্য ছিল না, তবে রাজনৈতিক সহনশীলতা এখন পর্যন্ত রয়েছে, এটি ইতিবাচক দিক। পুরো সময় ধরে যেন সরকারের এই রাজনৈতিক সহনশীলতা বজায় থাকে।”