Published : 02 Nov 2025, 05:29 PM
আদলতের আদেশে রাজনৈতিক দল হিসাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন এবং তাদের প্রতীক ‘হুক্কা’ ফিরিয়ে দিল নির্বাচন কমিশন।
রোববার ইসি সচিব সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শর্ত প্রতিপালন না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে তখনকার কমিশন।
নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাই কোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেয় আদালত।
জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিউল আলম প্রধান মারা যান ২০১৭ সালের ২১ মে। এরপর ২০১৮ সালের ২২ অক্টোবর মারা যান দলটির সভানেত্রী রেহানা প্রধান। পরে তাদের মেয়ে তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।
রোববার ইসির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আরপিও অনুযায়ী জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালের ২০ নভেম্বর ইসি (নিবন্ধন নম্বর-০৩৬, প্রতীক ‘হুক্কা’) নিবন্ধ দেয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নাম সংশোধন করে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ নামে সংশোধিত সার্টিফিকেট দেওয়া হয়।
ইসি ২০২১ সালের ২৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করে।পরে বিষয়টি নিয়ে দায়ের করা হয় রিট মামলায় হাই কোর্ট ২০২৫ সালের ১৯ মার্চ ইসির ২০২১ সালের প্রজ্ঞাপনটি বাতিল করে।
হাই কোর্টের ওই রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২০২১ সালের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করেছে এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র নিবন্ধন ‘হুক্কা’ দলীয় প্রতীকসহ পুনর্বহাল করেছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধনের নিয়ম চালু হয়। দেশে এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৭টি হলেও ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হয়েছে। আর নিবন্ধন স্থগিত রয়েছে আওয়ামী লীগের।
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। ২২টি দলের সরেজমিন তদন্ত শেষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এক ডজন দলের বিষয়ে পুনঃতদন্ত চলছে। সব শর্ত পূরণ করলে নিবন্ধনযোগ্য দলের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।