১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবি পার্টির আলোচনা সভা: ‘দেশের জনগণ শেখ হাসিনাকে আর গ্রহণ করবে না’

“গণভবন দখলের মতো ঘটনা বিরল, যা ছিল জনগণের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ,” বলেন আসাদুজ্জামান রিপন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 09:44 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টির এক আলোচনা সভায় তিনি বলেন, “গণভবন দখলের মতো ঘটনা ইতিহাসে বিরল, যা জনগণের চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ। 

“তাই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর কখনোই গ্রহণ করবে না। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”

 তিনি বলেন, “রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তন কখনোই রাতারাতি আসে না; পরিবর্তন ধীরে ধীরে হয় এবং বাংলাদেশও সে পথেই এগোচ্ছে।”

বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানেরও সমালোচনা করেন আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, “বিরোধী দলীয় নেতা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছেন। রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধ থাকতেই পারে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এবি পার্টি এ আলোচনা সভা আয়োজন করে। 

এতে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস‍্য সচিব আখতার হোসেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।