Published : 28 Jun 2026, 03:48 PM
ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রোববার রিমান্ড মঞ্জুর করেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা জানান।
শনিবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সোহেল সরকার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
আসামিপক্ষে আইনজীবী মোহাম্মদ কামরুল হোসেন রিমান্ডের বিরোধিতা করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন বিভাগের পরিদর্শক জাহিদুল ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণি সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে।
“দেশের পরিস্থিতি অস্থির করা এবং জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে আসামিরা লাঠিসোঁটা ও উসকানিমূলক ব্যানার-প্লাকার্ড নিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ঘটান।”
পরবর্তীতে সেখান থেকে পুলিশ ‘অবিস্ফোরিত ককটেল, উসকানিমূলক ব্যানার, প্ল্যাকার্ড এবং মোবাইল ফোন’ উদ্ধার করে বলে মামলার বাদীর ভাষ্য।