Published : 14 Jul 2026, 05:58 PM
জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে এক স্মরণসভায় ‘অন্তর্ভুক্তিমূলক রাজনীতির’ মাধ্যমে বৃহত্তর ঐক্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, “আমরা ভুল করেছি। আমরা অর্থনৈতিক উন্নতির দিকে গিয়েছি কিন্তু মানবাধিকারে উন্নতি করতে পারি নাই। আর ভুল নয়; আমাদের বৈষম্য দূর করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সব প্রতিহিংসা, জিঘাংসা দূর করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।”
সাবেক সেনা শাসক হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। ২০১৯ সালের এই দিনে ৮৯ বছর বয়সে তিনি প্রয়াত হন। দিনটি উপলক্ষে রাজধানীর গুলশানের ইমানুয়েল কমিউনিটি সেন্টারে স্মরণসভার আয়োজন করে জাপার একাংশ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুল সরকারের উদ্দেশ্যে বলেন, “স্বাধীনতার পক্ষে, বিপক্ষে এই বিতর্ক আমরা চাই না। ৭১ ছাড়া বাংলাদেশ চলবে না। যে সংসদে আপনারা বসেছেন, কথা বলছেন, এটা বাংলাদেশের সংসদ।
“সরকারকে বলতে চাই, আপনারা সময় বেশি পাবেন না যদি জনগণ যা চায় তা না করেন। আপনারা বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে সংসদে এসেছেন। সেই বৈষম্য আপনাদের দূর করতে হবে।”
জাপাকে নির্বাচন ‘করতে দেওয়া হয়নি’ এবং অন্তর্বর্তী সরকার ‘একটি বিশেষ দলকে’ বিরোধীদল বানাতে চেয়েছিল অভিযোগ করে আনিসুল ইসলাম মাহমুদ দাবি করেন, সুষ্ঠু পরিবেশ হলে জাপাই বিরোধী দল হত।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের দেড় বছরের দুঃশাসনের ফল আমরা ভোগ করছি। বিএনপি সরকার বড় বাজেট দিয়েছে; এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। আইএমএফও এই কথা বলছে। আমরা সংস্কার চাই; এটা সকলের চাওয়া। সংস্কার যদি আমরা করতে না পারি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না।”
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হলে ভালো হত মন্তব্য করে তিনি বলেন, “আশা করব আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণ হবে।”
স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাপার একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।