১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমু, আনিসুল, শাজাহান নতুন মামলায় গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, দিলীপ কুমার আগারওয়াল ও ব্যারিস্টার তুরিন আফরোজকেও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 12:30 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খানসহ ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান সোমবার শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

অন্য আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির দিলীপ কুমার আগারওয়াল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। 

রাজধানীর শাহবাগ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় আমীর হোসেন আমু, শাজাহান খানকে গ্রেপার দেখানো হয়েছে।

একই থানায় পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় আনিসুল হক, জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এছাড়া রাজধানীর মিরপুর থানার এক মামলায় কামাল আহমেদ মজুমদার ও শেরে বাংলা নগর থানার এক মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য এদিন সাতজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ অগাস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

আনোয়ার হোসেন হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ অগাস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।