১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবির হলে ছাত্র সংগঠনের কমিটি: গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘নিন্দা ও প্রতিবাদ’

'ছাত্রশিবির জুলাই বিপ্লবের সঙ্গে বেঈমানি করেছে। আজ ছাত্রদলও বেঈমানি করল,” বলেন বিপ্লবী ছাত্র পরিষদের আবদুল ওয়াহেদ।

ঢাবির হলে ছাত্র সংগঠনের কমিটি: গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘নিন্দা ও প্রতিবাদ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন কমিটি ঘোষণা করায় ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।

প্রতিবাদ জানাতে শুক্রবার ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠনটি।

সেখানে ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, হলগুলোতে যেন ছাত্র সংগঠনগুলো কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য গণঅভ্যুত্থানের পর প্রশাসনের সঙ্গে চুক্তি হয়। 

“কিন্তু প্রকাশ্যে না এসেও হলগুলোতে ইসলামী ছাত্রশিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর করেছে। পরবর্তী সময়ে ছাত্র ইউনিয়নও হল এবং একডেমিক এরিয়াতে তাদের কমিটি ঘোষণা করে। সবশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে শিক্ষার্থীদের আকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা শংকিত যে, হলগুলোতে ‘গণরুম’ ও ‘গেস্ট রুমের’ সংস্কৃতি ফিরে আসবে।”

আব্দুল কাদের বলেন, “হল ও একাডেমিক এরিয়াতে কমিটি দেওয়ার ঘটনায় আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিন্দা ও প্রতিবাদ জানাই। অতীতে হল এবং একাডেমিক এরিয়াতে এ ধরনের অপছাত্ররাজনীতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ক্ষুণ্ন করেছে।”

এদিকে হলগুলোতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে এদিন ক্যাম্পাসে ‘বিক্ষোভ সমাবেশ’ করেন কয়েক শিক্ষার্থী। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। 

সেখানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “ঢাবিতে শিবিরের হল প্রতিনিধির ছোট ছোট টিম আছে বলে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ সংবাদমাধ্যমে স্বীকার করেছেন। তার এ  স্বীকারোক্তির মাধ্যমে ছাত্রদলও হলে ছাত্ররাজনীতি পুনর্বাসন করার সাহস পেয়েছে। আরও আগে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে।

'ছাত্রশিবির জুলাই বিপ্লবের সঙ্গে বেঈমানি করেছে। আজ ছাত্রদলও বেঈমানি করল।” 

তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাবিতে হল ও অনুষদভিত্তিক কোনো কমিটি দেওয়া যাবে না। যার মন চায় রাজনীতি করবে এবং ইউনিভার্সিটি ও কেন্দ্রীয় কমিটিতে পদ নেবে। 

“সাদা দল, নীল দল, হলুদ দল নামে শিক্ষকদের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যদি কেউ রাজনীতি করতে চান, চাকরি ছেড়ে দিয়ে করবেন। শুধু শিক্ষক সমিতি থাকবে।”