১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পদ ফিরে পেলেন এনসিপির মাহিন

এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে মাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 01:31 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এখন থেকে তিনি আগের পদ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে মাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল করা হয়।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্ব-পদ ও দায়িত্বে (যুগ্ম সদস্যসচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি) পুনরায় বহাল করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়। 

ওই চিঠিটি রাতে ফেইসবুকে মাহিন সরকার লেখেন, "ইনশাআল্লাহ আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।"

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সাধারণ সম্পাদকের (জিএস) মনোনয়ন ফরম নেওয়ার পর গত ১৮ অগাস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

যদিও নির্বাচনে কয়েকদিন আগে তিনি প্যানেল ভেঙে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।