১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের: ফারুক

“কেউ কেউ ২০ দলীয় জোট করছেন নির্বাচনের বিরুদ্ধে যাওয়ার জন্য। আমি বলব, করে দেখেন না একবার, প্রমাণ করে দেখেন না মানুষ ভোট চায় কি চায় না।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

পতিত ফ্যাসিস্টরা আগামী নির্বাচন বানচালের একটি প্রক্রিয়া শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কা্উন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।  

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে, এই শঙ্কা দূর করার দায়িত্ব এই সরকারের। যে সকল প্রেতাত্মা সচিবালয়ে, কলকাতায় এবং দেশে বসে গুপ্তচরবৃত্তি করে আজকে প্রশাসনের মধ্যে এই প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছে… আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া তারা শুরু করছে।

“এদের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তাহলে মানুষ আর শঙ্কা করবে না।”

জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে বিকশিত ফাউন্ডেশন, বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

সেখানে ফারুক বলেন, “জুলাই বিপ্লবে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে কলঙ্কিত করার জন্য হিন্দুস্থানের কলকাতা নগরীতে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। শঙ্কা, নির্বাচন হবে কি না? এই শঙ্কা তৈরি করছেন কারা?

“সরকার আপনি বসে আছেন কেন? আপনার (সরকার) আশেপাশেই তো এই শঙ্কার লোকগুলো আছে। আপনি জানেন না কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে? তাই মির্জা ফখরুলের মত একজন নেতা এখনো শঙ্কার কথা মুখ দিয়ে বলেন।”

‘কেউ কেউ রাজনৈতিক বোল পাল্টাচ্ছে’

জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেছেন, কেউ কেউ রাজনৈতিক বোল পাল্টাচ্ছে। 

“কেউ কেউ ২০ দলীয় জোট করছেন নির্বাচনের বিরুদ্ধে যাওয়ার জন্য। আমি বলব, করে দেখেন না একবার, প্রমাণ করে দেখেন না মানুষ ভোট চায় কি চায় না।

“আমার এক ব্যক্তিগত লোক আমাকে বলল, স্যার কালকে মোহাম্মদপুরে একটা বিরাট মসজিদের ইমাম সাহেব নাম বলব না, উনি দাঁড়িয়ে উঠে বললেন, আমি ঢাকা মোহাম্মদপুর আহমদীয়া জামায়াত… আসলে উনি জামায়াতে ইসলামীর সমর্থক। ওই সময়ে একজন সাহসী ছেলে দাঁড়িয়ে বলল, হুজুর শুনলাম পিআর ছাড়া নির্বাচন করবেন না, আবার মসজিদে দাঁড়িয়ে ভোট চান। আর বোল পাল্টায়ে দেখান জনগণ যদি চায় পিআরে থাকব। হুজুর নিজেই বসে গেলেন। তাই বাংলাদেশে একদিকে নির্বাচনি প্রচার করবেন মসজিদে মসজিদে, আরেকদিকে নির্বাচনের বিরুদ্ধে শঙ্কা তৈরি করবেন এটা ঠিক নয়। কারণ আপনারা তো এখনো শঙ্কা মুক্ত হতে পারেন নাই।”

ডাকসু নির্বাচন প্রসঙ্গে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘এই বিশ্ববিদ্যালয়ে আমরাও লেখাপড়া করার সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন কাল। জাতীয়তাবাদী ছাত্রদল সৃষ্টি করেছেন শহীদ জিয়াউর রহমান, সেই জিয়ার আদর্শ বুকে ধারণ করে কত অত্যাচার কত অবিচার সহ্য করেও টিকেছিল এই সংগঠন। 

“আমি বিশ্ববিদ্যালয়ে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে রক্তাক্ত অবস্থায় দেখেছি, সুলতান সালাউদ্দিন টুকুকে রক্তাক্ত অবস্থা দেখেছি… সেই ছাত্রদল বুকে শক্তি নিয়ে, জিয়ার আদর্শ, খালেদা জিয়ার অপোসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল অগ্নি পরীক্ষায় সম্মুখিন হচ্ছে।“”

একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ডাকসু নির্বাচনে নির্বাচিত করার আহ্বান রেখেছেন ফারুক। পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। 

সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় এইচ এম সাইফ আলী খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।