০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ ও জাহিদ

এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য দাঁড়াল ১৪ জনে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ ও জাহিদ
হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 05:45 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে তারা পদোন্নতি পেয়েছেন বলে শুক্রবার জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

রিজভী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের প্রাপ্ত ক্ষমতাবলে হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন।’’

হাফিজ উদ্দিন আহমেদ খালেদা জিয়ার সরকারের মন্ত্রী ছিলেন। ভোলা-৩ আসন থেকে তিনি একটানা ছয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

অধ্যাপক জাহিদ হোসেন পেশায় চিকিৎসক। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ছিলেন। বর্তমানে তিনি সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড রয়েছে সেটির অন্যতম সদস্যও তিনি।

গঠনতন্ত্র অনুযায়ী ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে নতুন দুজনকে নিয়ে এখন সদস্য দাঁড়াল ১৪ জনে। অন্যরা হলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (পদাধিকার বলে), ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (পদাধিকার বলে), খন্দকার মোশাররফ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।