Published : 30 Sep 2025, 11:38 AM
জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে ঢাকায় গণমিছিলসহ ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
মঙ্গলবার দলের আমির মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তারা সারাদেশে গণসংযোগ করবেন। এরপর ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল এবং ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবেন।
কর্মসূচি ঘোষণা করে বিবৃতিতে বলা হয়, “জুলাই সনদ ও ৫ দফা দাবি কেবল বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মসূচি নয়, বরং দল-মত-ধর্ম নির্বিশেষে এদেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি। এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ এবং জনগণের মৌলিক অধিকারের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ।
“আমরা বলতে চাই, জনগণের দাবিকে অবজ্ঞা করবেন না। আন্তর্জাতিক ষড়যন্ত্রে নতজানু হয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে অনিশ্চয়তার গভীরে ঠেলে দেবেন না। জনগণের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি—আর কোনো ছলচাতুরি বা কালক্ষেপণের সুযোগ নেই।”
সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে ‘সর্বশক্তি দিয়ে’ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বাংলাদেশ খেলাফত মজলিসের পাঁচ দাবির মধ্যে রয়েছে— অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে ‘প্রকৃত’ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) বাস্তবায়ন।
এসব দাবি মানা না হলে আরও ‘কঠোর কর্মসূচি’ দেওয়া হবে বলে হুঁমিয়ার উচ্চারন করা হয় বিজ্ঞপ্তিতে।
গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রথম দফায় সারাদেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। একই কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামি ধারার কয়েকটি দল।