১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

“নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় এবং সরকার পরিবর্তন যেন নির্বাচনের মাধ্যমে হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে,” বলেন তিনি।

‘কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক
জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 06:29 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

একটা ‘নির্দিষ্ট’ সময়ের আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ‘কঠোর সমালোচনা’ করাটা উচিত হবে না মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মনোভাব তুলে ধরেন। 

জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এ সভা আয়োজন করে।  

আব্দুস সালাম বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

“ছাড় দেওয়ার মানসিকতা ছাড়া গণতন্ত্র সম্ভব নয়; না হলে একদলীয় শাসনের ঝুঁকি তৈরি হয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই কঠোর সমালোচনা না করে সরকারকে সময় দেওয়া উচিত। প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সরকারকে পরামর্শ দিয়ে নির্দিষ্ট সময় পর মূল্যায়ন করুন।”

গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দেয় সরকার।

তাদের মধ্যে আব্দুস সালামও একজন, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। 

এক সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট ছিলেন আব্দুস সালাম।

আলোচনা সভায় তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্রহীন পরিস্থিতি ছিল এবং এই সময়ে অনেকের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় এবং সরকার পরিবর্তন নির্বাচনের মাধ্যমে হয়— এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।”

জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, জেসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন ও সহ-সভাপতি সিরাজ মিয়া বক্তব্য রাখেন।