Published : 09 Mar 2026, 12:25 PM
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা ডাকা হয়েছে আগামী বুধবার।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন বেলা ১১টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে। তাতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা তারেক রহমান।
সরকারি দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়।
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ইতোমধ্যে সেই প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়।
৩০০ আসনের এই সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে।
বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।