Published : 31 Dec 2025, 02:50 PM
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জাতীয় পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সব ধরনের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিন রাষ্ট্রীয় শোক থাকায় ১ জানুয়ারি পার্টির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।"
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন।
৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।