১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জঙ্গি এমপি অপবাদে’ সংসদে বিশেষ অধিকারের নোটিস দিলেন হানজালা

“যে শব্দটি আমার জন্য ব্যবহার করা হয়েছিল, এটি একটি ফ্যাসিস্ট ওয়ার্ড।”

‘জঙ্গি এমপি অপবাদে’ সংসদে বিশেষ অধিকারের নোটিস দিলেন হানজালা
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 03:17 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে বিশেষ অধিকারের নোটিস দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপনের পর নোটিসটি উত্থাপন করেন তিনি।

হানজালা বলেন, গত ৩০ মার্চ সংসদ এলাকার মধ্যে তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে ‘হেয়প্রতিপন্ন’ হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন।

এই সংসদ সদস্য বলেন, বিষয়টি শুধু ব্যক্তিগত মর্যাদাহানির নয়; সংসদ সদস্যদের সম্মান ও নিরাপদ রাজনৈতিক পরিবেশের সঙ্গেও সম্পর্কিত।

“যে শব্দটি আমার জন্য ব্যবহার করা হয়েছিল, এটি একটি ফ্যাসিস্ট ওয়ার্ড।”

তার ভাষায়, গত ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে ‘দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে’ বিভিন্নভাবে ‘অপবাদ’ দেওয়া হয়েছে।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্য যেন সম্মান নিয়ে থাকতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

“আমি চাই আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারে। কারো যেন সম্মান আগামীতে কেউ ক্ষুণ্ন করতে না পারে।”

বক্তব্য শেষে স্পিকার জানান, বিশেষ অধিকারের প্রশ্নটি উত্থাপিত হয়েছে।

এরপর কার্যপ্রণালী বিধির ১৬৯ বিধি অনুযায়ী বিষয়টি পরীক্ষা, তদন্ত ও প্রতিবেদন দেওয়ার জন্য বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সংসদের কার্যপ্রণালী অনুযায়ী, কোনো সদস্য যদি মনে করেন যে, তার সংসদীয় অধিকার, মর্যাদা বা কাজের পরিবেশ ক্ষুণ্ন হয়েছে, তিনি বিশেষ অধিকারের নোটিস দিতে পারেন। স্পিকার সেটিকে গ্রহণযোগ্য মনে করলে তা সংশ্লিষ্ট কমিটিতে পাঠিয়ে তদন্তের ব্যবস্থা করেন।