১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মতাদর্শে জামায়াতের সঙ্গে এনসিপির ‘মিলছে না’: বিএনপির নজরুল

“সব ব্যাপারে একমত হলে তো এক দল করতাম। তাহলে আলাদা দল থাকতাম না।”

মতাদর্শে জামায়াতের সঙ্গে এনসিপির ‘মিলছে না’: বিএনপির নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতাদর্শের সঙ্গে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘মিলছে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

তবে বিষয়টি সম্পূর্ণ এনসিপির নিজস্ব ব্যাপার বলে মনে করেন তিনি। 

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি সমঝোতার খবর এবং দলটি থেকে কয়েকজনের পদত্যাগ করার বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া কী জানতে চাইলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “অর্থাৎ মনে হয় যেন, তাদের (জামায়াত) ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের (এনসিপির) নতুন চিন্তা যাচ্ছে না আর কি। এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না।”

জামায়াতের সঙ্গে এনসিপি জোট ‘বাঁধার’ খবর আসে গেল ২৫ ডিসেম্বর। ওদিন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের ফেইসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনাটি সামনে আনেন।

কাদের লিখেছিলেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা।”

এরপর জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে এনসিপির আসন সমঝোতা বা জোট গঠনের উদ্যোগ নিয়ে আপত্তি আসে দলটির ৩০ জন কেন্দ্রীয় নেতার তরফ থেকে। ‘আপত্তির’ কথা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে শনিবার স্মারকলিপি দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ৩০ কেন্দ্রীয় নেতার একজন। 

এর মধ্যে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায় তাজনূভা জাবীন। 

পদত্যাগ করে জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন। আর জাবীন এনসিপি ঘোষিত ঢাকা-১৭ আসনের প্রার্থী ছিলেন। এ আসনে বিএনপি থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন পদত্যাগ না করলেও জামায়াতের সঙ্গে জোট বাঁধার বিষয়ে দলকে সতর্ক করেছেন। তিনি বলেছেন সমঝোতা হলে এনসিপিকে 'কঠিন মূল্য চুকাতে হবে'।

সব ব্যাপারে একমত হলে তো এক দলই করতাম

জামায়াত ও এনসিপিরর সমঝোতা নিয়ে নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি একটা গণতান্ত্রিক দল সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো দল তার ঘোষিত আদর্শ অনুযায়ী অন্য কোনো দলের সঙ্গে সম্পর্কিত হতে চায় সে অধিকার তাদের আছে। 

“অবশ্য, আমরা এটাও দেখলাম-তাদের সিদ্ধান্ত নয়, ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

দলছুটরা বিএনপির সঙ্গে আলোচনা করছে কী না? জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এ ব্যাপারে দলের রাজনৈতিক সিদ্ধান্ত।”

এনসিপির সঙ্গে যোগ হতে বিএনপির আদর্শিক কোনো সমস্যা দেখছেন কি না-প্রশ্ন করেন একজন সাংবাদিক।

নজরুল ইসলাম খান বলেন, “আমরা মনে করি, সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে, দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারে একমত হলে তো এক দল করতাম। তাহলে আলাদা দল থাকতাম না।”

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা পর থেকেই শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে এনসিপি। ইতোমধ্যে তারা শতাধিক আসনে প্রার্থীও ঘোষণা করেছে।

এছাড়া গেল ৭ ডিসেম্বর এনসিপির নেতৃত্বে আত্মপ্রকাশ করে তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এ জোটের বাকি দুই দল হল এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

সেই জোট গঠনের তিন সপ্তাহ না যেতেই জামায়াতের সঙ্গে দলটির আসন নিয়ে দর কষাকষি হওয়ার খবর এল।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনসিপির সঙ্গে দীর্ঘ দিন ধরেই জোট গঠনের বিষয়ে আলাপ-আলোচনা চলছে। এখন দেখা যাক কি হয়, জোট হলে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।”

এবার এনসিপি ছাড়লেন তাজনূভা জাবীন

জামায়াত ‘নির্ভরযোগ্য মিত্র না’, কঠিন মূল্য ‘চুকাতে হবে’ এনসিপিকে: সামান্তা

জামায়াতের সঙ্গে জোটে 'আপত্তি' এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতার

এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ

আসন ভাগের আলোচনায় জামায়াত-এনসিপি, ঘোষণা 'দুয়েক দিনের মধ্যেই'