Published : 21 Nov 2025, 04:19 PM
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকাল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি রওনা হন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার। গত বছরও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন।
বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্চের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
প্রধান উপদেষ্টার তরফে বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।