২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্যাংককে চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

“বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে অপারেশন পরবর্তী অবস্থা আলহামদুলিল্লাহ।“

ব্যাংককে চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দুই সাপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসকরা। 

গত ১৪ মেমির্জা ফখরুলের বাম চোখে সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বর্তমানে ফখরুল হাসপাতালটির কেবিনে আছেন।

শনিবার দুপুরে ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিবের সর্বশেষ পরিস্থিতির কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জাহিদ হোসেন।

তিনি বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে অপারেশন পরবর্তী অবস্থা আলহামদুলিল্লাহ। এখন উনি সুস্থ আছেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায়, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন।”

হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ জানিয়ে জাহিদ হোসেন বলেন, “সেখানকার চিকিৎসকরা বলছেন, দুই সাপ্তাহ উনার ফ্লাই করা যাবে না। সেজন্য উনার দেশে ফিরতে দেরি হচ্ছে। যখনই চিকিৎসকরা বিমানে ফ্লাই করা অনুমতি দেবেন অর্থাৎ প্লেনে আসার মত অবস্থা হবে তখনই উনি ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন।”

অধ্যাপক জাহিদ বলেন, ‘‘চোখের অপারেশনে কোনো কোনো সময়ে প্রেশার কমবেশি হয় অর্থাৎ প্লেনের ভেতরে অনেক সময় প্লেশার বেড়ে যায় অথবা কমে যায়, এয়ার প্রেসারের কথা বলছি তখন চোখের ভেতরেও কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হতে পারে।

‘‘ সেটাকে পরিহার করার জন্যেই উনাকে দুই সাপ্তাহ ফ্লাই না করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। উনার তো ডান চোখ খোলাই আছে, ডান চোখে সব কিছু দেখতে পান, বাম চোখে গ্লাস দেওয়া।”

মির্জা ফখরুলের চোখের ওপর এখন যাতে কোনো ধরনের চাপ না পড়ে, সেজন্য তিনি বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন। 

“বিছানায় শুয়ে থাকা, কালো গ্লাস পড়ে থাকা এবং কিছু পজিশন আছে এগুলো মেন্টেইন করা ইত্যাদি কাজগুলো উনি করছেন। উনার পাশে ভাবী (রাহাত আরা বেগম) সহ কয়েকজন নিকট স্বজন আছেন।”

দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে বিএনপি মহাসচিবের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন বলেও জানিয়েছে দলের স্থায়ী কমিটির এই সদস্য।