১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আজিজ আর বেনজীর এখনো গ্রেপ্তার হননি কেন, প্রশ্ন মান্নার

মান্না বলেন “পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকটা।”

আজিজ আর বেনজীর এখনো গ্রেপ্তার হননি কেন, প্রশ্ন মান্নার
বুধবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:09 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

দুর্নীতির অভিযোগ ওঠায় সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে এখনো কেন গ্রেপ্তার হয়নি, সেই প্রশ্ন সরকারের কাছে রেখেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

দেশের মানুষের উদ্দেশে তিনি বলেছেন, “কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বেনজীরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি সেই ব্যাপারে দাবি তুলতে আপনারা রাজপথে নামেন।”

বুধবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে কথা বলছিলেন নাগরিক ঐক্যের সভাপতি।

তিনি বলেন, “বেশিদিন নাই। ওইখানে জাতিসংঘের প্রতিনিধি রোজারি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে। ‘তোমরা পিসকোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যে, আর্মি-পুলিশ ও অন্যান্য অফিসারদের নিয়ে আসছ, তাদেরকে চাকরি দিচ্ছ, এরা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে।’

“রোজারি বলেছেন, ‘আমরা খুঁজে দেখব যাদের যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দেব।’ বন্ধু-বান্ধব আত্মীয় যদি সেনাবাহিনীতে বা পুলিশে থাকে, তাদের খোঁজ নেবেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, সবার মধ্যে প্রশ্ন, পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকটা (আজিজ আহমেদ)।”

দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর বেনজীরের অবেধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুদক। তার ও পরিবারের সদস্যদের সম্পদ ক্রোক করারও আদেশ দিয়েছে আদালত।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ হয়।

সেখানে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা নিয়ে মান্না বলেন, “এমপি… খুব বড় বড় করে বলে, তিনবারের এমপি… তিনবারই ভোট ডাকাতি করেছে, এরা ডাকাতের সর্দার। বলে নাকি খুব জনপ্রিয় মানুষ। তো এত জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন। তারপরে জনপ্রিয়তা মাপা যাবে।

“আপনি (শেখ হাসিনা) নিজেই তো ঢাকায় এই খোকা সাহেবের (সাদেক হোসেন খোকা) কাছে হেরেছিলেন। ভালো বলার তো কারণ নাই। এই কারণও বলি, লজ্জা নাই যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা তাই করছেন… দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে।” 

দেশ ‘বাঁচানোর’ লাড়াইয়ে জনগণকে এগিয়ে আনার আহ্বান জানান মান্না। 

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য অর্পণা রায় ও মাওলানা শাহ নেছারুল হক বক্তব্য দেন।